দিল্লি সফর বাতিল করে ঢাকায় ফিরলেন তথ্য উপদেষ্টা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৩৯ পিএম, ১৫ জুন ২০২৬ সোমবার
দিল্লি সফর বাতিল করে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
সোমবার (১৫ জুন) সকালে কলম্বো হয়ে ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা।
ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন সম্মেলনে যোগ দিতে ঢাকা থেকে দিল্লি গিয়েছিলেন ডা. জাহেদ উর রহমান। রবিবার (১৪ জুন) বিকেল ৩টা ২০ মিনিটে সাধারণ পাসপোর্টে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে যাত্রা করেন।
মূলত দিল্লিতে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার।
এয়ারপোর্টে নামার পরই তাকে ভারতের নজরদারি তালিকা অনুযায়ী আটকে দেওয়া হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের একপর্যায়ে উপদেষ্টা নিজেই পাসপোর্ট ফেরত চান এবং পরবর্তী ফ্লাইটে ঢাকায় ফেরার প্রস্তুতি নেন।
কূটনৈতিক পত্র দিয়ে আগাম অবহিত করার পরও ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ ‘রহস্যজনক কারণে’ জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দিয়েছে। পরে উচ্চ মহলের নির্দেশে অনুমতি দেয়া হলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে প্রবেশ না করে কলম্বো হয়ে ঢাকার পথে রওনা দেন।
এএইচ
