ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

দিল্লি বিমানবন্দরের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:০২ পিএম, ১৫ জুন ২০২৬ সোমবার

ভারতের দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে হওয়া ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নিচ্ছে বলেও জানান মন্ত্রী।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে সাংবাদিকদের একথা বলেন তিনি। 

খলিলুর রহমান বলেন, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। দুঃখজনকও বটে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নিচ্ছে। দিন শেষে আমরা এ বিষয়ে জানাবো।

ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনে অংশ নেয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানের। এ বিষয়ে গত শুক্রবার (১২ জুন) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল। কিন্তু রোববার (১৪ জুন) সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে অবতরণের পর তাকে রহস্যজনক কারণে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আড়াই ঘণ্টা বসিয়ে রাখে। 

তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেয়া হবে কি না, সে বিষয়টি স্পষ্ট করেনি।

এমন পরিস্থিতিতে পাসপোর্ট ফেরত চেয়ে দেশে আসার সিদ্ধান্ত নেন জাহেদ উর রহমান। তবে পরিস্থিতি বেগতিক দেখে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে বারবার ভারতে প্রবেশের অনুরোধ জানালেও তিনি দেশে ফেরার সিদ্ধান্তে অটল থাকেন।

সোমবার দুপুরে দেশে ফিরে আসেন ডা. জাহেদ।

সরকারি সূত্রে জানা গেছে, দিল্লির বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে নিয়ে ঘটনার বিষয়ে বিস্তারিতভাবে খোঁজ নেওয়া হচ্ছে। সেখানে গতকাল ঠিক কী ঘটেছিল, তা বিস্তারিতভাবে জানার পর কী পদক্ষেপ নেওয়া হবে, সেটা ঠিক করা হবে।

এএইচ