রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে ‘ঈদ পুনর্মিলনী ও স্বাদের উৎসব’ অনুষ্ঠিত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৫৩ এএম, ১৬ জুন ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০২:৪১ পিএম, ১৬ জুন ২০২৬ মঙ্গলবার
উৎসবমুখর পরিবেশ ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল রাজধানীর দক্ষিণ বনশ্রীতে অবস্থিত সবচেয়ে অত্র এলাকার প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ‘রেডিয়্যান্ট ঈদ পুনর্মিলনী ও স্বাদের উৎসব ২০২৬’।
সোমবার সকাল ১০ ঘটিকায় ক্যাম্পাস-১ এবং গত ১১ জুন বৃহস্পতিবারে ক্যাম্পাস-২ প্রাঙ্গণে এই ব্যতিক্রমী ও আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিত্র ঈদুল আজহার আনন্দকে শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফদের মাঝে নতুন করে ছড়িয়ে দিতে এবং পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে এই বিশেষ পুনর্মিলনীর আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। এবারের আয়োজনের মূল আকর্ষণ ছিল শিক্ষার্থীদের তৈরি স্ব স্ব মজার ও ঐতিহ্যবাহী খাবার প্রদর্শনী এবং রন্ধন প্রতিযোগিতা।
“ঈদ আনন্দ আর হাতের জাদুতে, মেতে উঠি সবাই স্বাদের উৎসবে”—এই স্লোগানকে সামনে রেখে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফরা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা নিয়ে নিজ হাতে তৈরি বিভিন্ন ধরনের সুস্বাদু ও বাহারি পদের খাবার এই প্রদর্শনীতে উপস্থাপন করেন। প্রদর্শনীতে স্থান পাওয়া খাবারগুলোর মধ্যে ঐতিহ্যবাহী পোলাও-কোরমা, বিরিয়ানি, কাবাব থেকে শুরু করে নানাপদের পিঠা, পায়েস এবং ডেজার্ট আইটেম ছিল অন্যতম।
উপস্থিত বিচারকমণ্ডলী প্রদর্শিত খাবারগুলোর স্বাদ, পুষ্টিগুণ এবং চমৎকার উপস্থাপনার ওপর ভিত্তি করে মূল্যায়ন করেন। প্রতিযোগিতা শেষে প্রত্যেক শিফট থেকে সবচেয়ে সুস্বাদু ও আকর্ষণীয় খাবার প্রস্তুতকারীদের মাঝে বিশেষ পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার এসএম সজল বলেন, “ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দকে সহকর্মীদের সাথে ভাগ করে নিতেই আমাদের এই আয়োজন। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা বা প্রশাসনিক দায়িত্বই নয়, সকলের মাঝে পারস্পরিক মেলবন্ধন ও সৃজনশীলতা ফুটিয়ে তুলতেই এই রন্ধন প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যা অত্যন্ত প্রশংসনীয়।”
পুরস্কার বিতরণী পর্ব শেষে এক আনন্দঘন ঈদ আড্ডা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা তাদের ঈদের অভিজ্ঞতা ও পুরোনো দিনের মধুর স্মৃতি রোমন্থন করেন। সবশেষে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের মধ্য দিয়ে দুপুরের দিকে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এএইচ
