জলবায়ু পরিবর্তনের প্রভাবে নারীর সুরক্ষায় মাঠপর্যায়ে মনিটরিং জরুরি: মনজিল মোরসেদ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৩৪ পিএম, ১৬ জুন ২০২৬ মঙ্গলবার | আপডেট: ১০:৩৬ পিএম, ১৬ জুন ২০২৬ মঙ্গলবার
জলবায়ু পরিবর্তনের প্রভাবে নারীর সুরক্ষা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কার্যকর মনিটরিং জোরদার করার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী মনজিল মোরসেদ।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব ও পরিবেশ আইনে নারীর সুরক্ষা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মুসলেম বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি পড়ে নারীদের ওপর। এ প্রভাব মোকাবিলায় ভবিষ্যতে অ্যাডভোকেসিসহ বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবে মহিলা পরিষদ।
বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়াউল হক বলেন, একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় পরিবেশগত সংকটের নাম জলবায়ু পরিবর্তন। এর প্রভাব মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের কোনো বিকল্প নেই।
আলোচনা সভায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত জলবায়ু ও পরিবেশ নিয়ে কাজ করা বিশেষজ্ঞ, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি, সাংবাদিক ও গবেষকরা অংশ নেন। তারা উপকূলীয় অঞ্চলের নারীদের স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তা ও জলবায়ুজনিত অভিবাসন (মাইগ্রেশন) নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও বিজ্ঞান বিভাগের ডিন ড. আহমদ কামরুজ্জামান মজুমদার।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে তাপপ্রবাহ, পরিবেশ দূষণ, অপুষ্টি, পানিবাহিত রোগ এবং মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে, যা নারীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। এ পরিস্থিতি মোকাবিলায় নারী-কেন্দ্রিক নীতি ও কার্যকর সুরক্ষা ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।
এমআর//
