ঢাকা, বুধবার   ১৭ জুন ২০২৬,   আষাঢ় ৩ ১৪৩৩

মানবপাচার মামলায় গ্রেপ্তার বিমানের সাবেক কর্মকর্তা আখলাসুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৪ এএম, ১৭ জুন ২০২৬ বুধবার

জাল শেনজেন ভিসার মাধ্যমে নেপাল হয়ে ইতালিতে মানবপাচারের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক কর্মকর্তা মোহাম্মদ আখলাসুর রহমানকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার সিআইডি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা জানান, ভোর সাড়ে ৩টায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষীয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বিমানের গ্রাউন্ড সার্ভিস বিভাগের আইএনএস গেইট কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

সিআইডি জানায়, ইতালিতে চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে মানবপাচার চক্রটি জনপ্রতি ৩০ লাখ টাকায় চুক্তি করে। ভুক্তভোগীদের কাছ থেকে ২০ লাখ টাকা নিয়ে তাদের নেপাল ও ইতালিগামী টিকিট, বোর্ডিং পাস এবং শেনজেন ভিসা সরবরাহ করা হয়। 

গত ২৬ মে তারা ইতালিতে পৌঁছালে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে ভিসাগুলো জাল হিসেবে শনাক্ত হয়। পরে তাদের আটক করে ২৮ মে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

উল্লেখ্য, মানবপাচার নিয়ে একুশে টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আখলাসুর রহমান ও আব্দুল্লাহ আল মামুন নামে দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করে। পরে বিমানবন্দর থানায় দায়ের হওয়া মানবপাচার মামলার তদন্তে আখলাসুরের সম্পৃক্ততার প্রমাণ পেয়ে তাকে গ্রেফতার করে সিআইডি। 

এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

এএইচ