সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সড়ক পথে যাচ্ছেন শ্রীমঙ্গল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৫৭ এএম, ১৭ জুন ২০২৬ বুধবার | আপডেট: ১২:০৩ পিএম, ১৭ জুন ২০২৬ বুধবার
মৌলভীবাজার সফরের উদ্দেশ্যে সিলেটে পৌঁছেছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মৌলভীবাজার যাচ্ছেন তিনি।
আজ বুধবার (১৭ জুন) সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
এর আগে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে সফরসঙ্গীদের নিয়ে যাত্রা করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে ঘিরে বিমানবন্দর ও আশেপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের বিভিন্ন সংস্থার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে তাকে স্বাগত জানাতে বিমানবন্দর ও সড়কপথের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাবেন প্রধানমন্ত্রী। দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর দুপুর আড়াইটায় মৌলভীবাজার সদর উপজেলার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।
বিকাল পৌনে পাঁচটায় দুসাই রিসোর্টে রাজনৈতিক সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কর্মসূচি শেষে বিকাল পৌনে ৬টায় সিলেটের উদ্দেশ্যে রওনা হয়ে রাত সাড়ে ৮টায় ঢাকায় ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হওয়ার পর গত ২ মে প্রথমবার সিলেট সফর করেছিলেন তারেক রহমান। তবে এবারের সফরে সিলেট জেলায় তার কোনো আনুষ্ঠানিক কর্মসূচি রাখা হয়নি। পুরো সফরসূচিই রয়েছে মৌলভীবাজারে।
এএইচ
