ঢাকা, বৃহস্পতিবার   ১৮ জুন ২০২৬,   আষাঢ় ৩ ১৪৩৩

খুবিতে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, তদন্ত কমিটি গঠন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৮ পিএম, ১৭ জুন ২০২৬ বুধবার

খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. রেজাউল ইসলামের বিরুদ্ধে এক ছাত্রীকে সামাজিক যোগাযোগমাধ্যমে যৌন হয়রানি ও অশালীন আচরণের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রে লিখিত অভিযোগ করেছেন।

বুধবার (১৭ জুন) অভিযোগটি তদন্তে সাত সদস্যের একটি কমিটি কাজ শুরু করেছে বলে জানিয়েছেন কেন্দ্রের সভাপতি অধ্যাপক মোছা. তাসলিমা খাতুন।

অভিযোগে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষক ওই ছাত্রীকে অস্বস্তিকর ও অনাকাঙ্ক্ষিত বার্তা পাঠিয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করে অধ্যাপক ড. রেজাউল ইসলাম দাবি করেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক।

তিনি জানান, গত ফেব্রুয়ারিতে তার মোবাইল ফোন চুরি হয়ে যাওয়ার পর ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করে দেন এবং এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশিদ খাঁন জানান, তদন্ত চলাকালে ড. রেজাউল ইসলামকে ডিসিপ্লিন প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে ড. মো. ইয়াসিনকে ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

এমআর//