উজবেকিস্তানের বিরুদ্ধে ৩-১ গোলের জয়ে বিশ্বকাপ শুরু কলম্বিয়ার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:২৬ এএম, ১৮ জুন ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ১১:৫০ এএম, ১৮ জুন ২০২৬ বৃহস্পতিবার
ফুটবল বিশ্বকাপের আসরে প্রথমবার চমক দেখানোর স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল উজবেকিস্তান। তবে নবাগতদের সেই রঙিন স্বপ্নকে ভেঙে ৩-১ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া।
উজবেকিস্তানের বিরুদ্ধে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন লুইস দিয়াজ। তার এক গোল ও অ্যাসিস্টের উপর ভর করে নবাগত উজবেকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ শুরু করলো কলম্বিয়া।
পুরো ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল কলম্বিয়া। তবে ম্যাচের মাঝে মাঝে আক্রমণ চালিয়েছে উজবেকিস্তানও।
প্রথমার্ধে গোল মাত্র একটি হলেও পুরোটা সময় দাপট দেখিয়েছে কলম্বিয়া। ৭২ শতাংশ বল নিজেদের দখলে রেখেছে দলটি। আর ২৮ শতাংশ বল ছিল উজবেকিস্তানের।
ম্যাচের ৪১তম মিনিটে লুইস দিয়াজের পাস থেকে কলম্বিয়াকে এগিয়ে দেন দানিয়েল মুনিওজ।
ম্যাচে ফিরতে দ্বিতীয়ার্ধে আক্রমণ বাড়াতে থাকে উজবেকিস্তান। সেই সুবাদে ৬০তম মিনিটে আসে সমতাসূচক গোলটি। গোলটি করেন আববোসবেক ফয়জুললভ।
এল্দর শোমুরোদভের ভলি কলম্বিয়া গোলকিপার কামিলো ভার্গাস বিপদমুক্ত করতে না পারলে গোলমুখে বল পেয়ে যান ফাইজুল্লায়েভ। তাকে শুধু মাথা ছুঁইয়ে বল জালমুখী করতে হয়েছে।
তবে ম্যাচে সমতা বেশিক্ষণ ছিল না। উজবেকিস্তান সমতা আনার ৫ মিনিট পরই আবার এগিয়ে যায় কলম্বিয়া। বক্সে ঢুকেই ডান পায়ের কোনাকুনি শটে বল দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান বায়ার্ন মিউনিখ তারকা দিয়াজ।
এরপর বাকি সময়টাতে কলম্বিয়ার আক্রমণ ঠেকিয়ে গেছে উজবেকরা। তবে নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের নবম মিনিটে কুচো হার্নান্দেজের ক্রস থেকে দারুণ এক গোল করে কলম্বিয়ার জয় নিশ্চিত করেন জামিনটন ক্যাম্পাজ।
শেষ দিকে একটি আক্রমণ করেছিল উজবেকিস্তান। দূরপাল্লার একটি শট বারে লেগে ফিরে আসে। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লাতিন আমেরিকার দেশটি।
এই জয়ের ফলে গ্রুপ পর্বে নিজেদের অবস্থান অনেকটাই মজবুত করল কলম্বিয়া। সর্বোচ্চ তিন পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান তাদের। আর টেবিলের তলানিতে রয়েছে উজবেকিস্তান।
এএইচ
