মোহাম্মদপুরকে অপরাধমুক্ত করার দাবিতে নাগরিকদের মানববন্ধন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:২৩ পিএম, ১৮ জুন ২০২৬ বৃহস্পতিবার
রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাং, ছিনতাই, সন্ত্রাস ও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় নাগরিক উন্নয়ন ফোরাম (মোহাম্মদপুর)-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এলাকায় ছিনতাই, সন্ত্রাস, কিশোর গ্যাংয়ের তৎপরতা ও মাদকের বিস্তারের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তারা অপরাধীদের আইনের আওতায় আনা, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাগরিক উন্নয়ন ফোরাম, মোহাম্মদপুরের আহ্বায়ক মো. রবিউল ইসলাম রুবেল বলেন, অপরাধ দমন করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর ভূমিকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে মোহাম্মদপুরকে নিরাপদ এলাকায় পরিণত করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার বাস্তবায়ন নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন রয়েছে। এলাকার নিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণে দৃশ্যমান উদ্যোগ গ্রহণের দাবি জানান তিনি।
রবিউল ইসলাম বলেন, নিরাপদ মোহাম্মদপুর গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি মাদক, সন্ত্রাস, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তিনি।
নাগরিক উন্নয়ন ফোরামের সদস্য সচিব ওয়ালিউল্লাহ সিদ্দিক শোভনের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক এলাকাবাসী কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বক্তারা বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ লক্ষ্যে অপরাধ দমনে কার্যকর উদ্যোগ ও আইনশৃঙ্খলা রক্ষায় আরও জোরালো পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
মানববন্ধন শেষে আয়োজকরা জানান, মোহাম্মদপুরকে নিরাপদ, শান্তিপূর্ণ ও বসবাসযোগ্য এলাকায় পরিণত করার লক্ষ্যে ভবিষ্যতেও জনসচেতনতামূলক কর্মসূচি ও নাগরিক উদ্যোগ অব্যাহত থাকবে।
এমআর//
