উত্তরা সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৪০ পিএম, ১৮ জুন ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ১০:২৬ পিএম, ১৮ জুন ২০২৬ বৃহস্পতিবার
শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিচর্চায় উৎসাহিত করতে রাজধানীর উত্তরার সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) আয়োজিত এ মেলায় শিক্ষার্থীরা বিভিন্ন উদ্ভাবনী ও বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপন করে।
আয়োজক সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থীর মধ্যে চতুর্থ থেকে দশম শ্রেণির ৬০০-এর বেশি শিক্ষার্থী বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী নিয়ে মেলায় অংশগ্রহণ করে।
মেলায় শিক্ষার্থীরা এয়ার পিউরিফিকেশন, ওয়াটার পিউরিফিকেশন, ড্রোন প্রযুক্তি, রোবোটিকসসহ আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্ভাবন ও ধারণা উপস্থাপন করে। প্রদর্শিত প্রকল্পগুলোর মাধ্যমে তারা তাদের সৃজনশীলতা, প্রযুক্তিগত দক্ষতা এবং বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনার পরিচয় তুলে ধরে।
বিজ্ঞান মেলায় প্রদর্শিত বিভিন্ন প্রকল্প অভিভাবক, শিক্ষক ও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনের কার্যকারিতা ও সম্ভাবনা সম্পর্কে দর্শনার্থীদের কাছে বিস্তারিত তুলে ধরে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের উত্তরা ও রুয়াপ শাখার অধ্যক্ষ, অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন জাহাঙ্গীর আলম তালুকদার। এ সময় শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিমুখী শিক্ষায় আরও উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
এমআর//
