সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের প্রবাসী নিহত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৪৯ পিএম, ১৮ জুন ২০২৬ বৃহস্পতিবার
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গিয়াস উদ্দিন শিকদার (৬০) নামে ফরিদপুরের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে কর্মস্থল থেকে ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।
গিয়াস উদ্দিন শিকদার ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের উত্তর আলমনগর গ্রামের বাসিন্দা এবং সাবেক ইউপি সদস্য ছিলেন। প্রায় সাড়ে তিন বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে যান তিনি। সেখানে আল-জউফ এলাকায় একটি কৃষি খামারে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, কাজ শেষে বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন গিয়াস উদ্দিন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই শাহিনুজ্জামান শিকদার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।
এ বিষয়ে ফরিদপুর প্রবাসীকল্যাণ সেন্টারের সহকারী পরিচালক আশিক সিদ্দিকী বলেন, মরদেহ দেশে পাঠাতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। লাশ দেশে পৌঁছানোর পর সরকারের পক্ষ থেকে নির্ধারিত আর্থিক সহায়তাও দেওয়া হবে।
এমআর//
