ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নেতৃত্বে নায়াব ইউসুফ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:২৩ পিএম, ১৯ জুন ২০২৬ শুক্রবার | আপডেট: ১১:৩৪ পিএম, ১৯ জুন ২০২৬ শুক্রবার
ফরিদপুর জেনারেল হাসপাতালের ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’র নতুন সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদ।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা) গত ১৫ জুন জারি করা এক প্রজ্ঞাপনে এ মনোনয়নের তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত স্মারক আদেশে বলা হয়, ফরিদপুর জেনারেল হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদকে মনোনয়ন দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা শহরের চিকিৎসাসেবার মানোন্নয়ন, হাসপাতালের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
এদিকে, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্বে নায়াব ইউসুফ আহমেদের মনোনয়নকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল। তাদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলোর সমাধান এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
এমআর//
