ঢাকা, শনিবার   ২০ জুন ২০২৬,   আষাঢ় ৫ ১৪৩৩

জাবিতে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৯ পিএম, ১৯ জুন ২০২৬ শুক্রবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার (১৯ জুন) রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “ঘটনাটি নিয়ে আমরা সবাই সচেষ্ট রয়েছি। এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও ক্লিপসহ বিভিন্ন ধরনের প্রমাণ রয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। আশা করছি, অচিরেই অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হবে।”

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্ত্রী বলেন, “আমাদের শিক্ষার্থীরা যেন একটি নিরাপদ পরিবেশে লেখাপড়া করতে পারে, সেটিই সরকারের লক্ষ্য।”

এ সময় দেশের সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের যৌক্তিকতা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, “ভিন্ন প্রশ্নপত্রে নয়টি শিক্ষা বোর্ডে পরীক্ষা হলে শিক্ষার্থীদের একই মানদণ্ডে মূল্যায়ন করা কঠিন। তাই আগামীতে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের পরিকল্পনা রয়েছে।”

তিনি আরও জানান, ভবিষ্যতে সাধারণ শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষাব্যবস্থার অভিন্ন বিষয়গুলোর পরীক্ষাও একই প্রশ্নপত্রে নেওয়ার বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে।

অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক সামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক নজরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে শিক্ষামন্ত্রী নবীন শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

এমআর//