ঢাকা, শনিবার   ২০ জুন ২০২৬,   আষাঢ় ৫ ১৪৩৩

কুবি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা, আহ্বায়ক শুভ ও সদস্য সচিব বাশার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৫ পিএম, ১৯ জুন ২০২৬ শুক্রবার

পাঁচ বছর আগে গঠিত আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ফের নতুন আহ্বায়ক কমিটি পেয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে আহ্বায়ক এবং নৃবিজ্ঞান বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আবুল বাশারকে সদস্যসচিব করা হয়েছে।

এছাড়া আতিকুর রহমান, মো. সাইফুল ইসলাম, সাগর আহমেদ, রিয়াজ উদ্দিন অন্তর, সাফায়েত হোসেন সজল, মোতাসিম বিল্লাহ রিফাত, আশ্রাফ উদ্দিন মুন্না, মাহফুজুর রহমান আরিফ, তরিকুল ইসলাম ও মো. সাইদুল ইসলাম শাওনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করতে হবে। একই সঙ্গে এক মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা যায়, ২০২১ সালের ১৭ জুন তৎকালীন কেন্দ্রীয় ছাত্রদল কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছিল। তিন মাসের জন্য গঠিত ওই কমিটি প্রায় পাঁচ বছর দায়িত্ব পালন করলেও নতুন কমিটি কিংবা সম্মেলন অনুষ্ঠিত হয়নি। সেই কমিটির মেয়াদ শেষ হওয়ার পাঁচ বছর পর আবারও নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ।

এমআর//