ঢাকা, রবিবার   ২১ জুন ২০২৬,   আষাঢ় ৬ ১৪৩৩

রেডক্রিসেন্টের নতুন চেয়ারম্যান ব্যারিস্টার আবদুস সালাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৮ পিএম, ২০ জুন ২০২৬ শনিবার

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. আবদুস সালামকে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে আগামী তিন বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার। 

একইসঙ্গে রেডক্রিসেন্ট সোসাইটির প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ১৪ সদস্যের একটি নতুন ব্যবস্থাপনা কমিটিও গঠন করা হয়েছে।

আজ শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, দ্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অর্ডার, ১৯৭৩ (প্রেসিডেন্টস অর্ডার নং-২৯ অব ১৯৭৩) এর ধারা ১০(১) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট কর্তৃক এতদ্বারা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. আবদুস সালামকে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করেছেন।

দ্বিতীয় প্রজ্ঞাপনে সোসাইটির প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য গঠিত ১৪ সদস্যের নতুন এডহক ম্যানেজিং বোর্ডে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. মো. রফিকুল কবির এবং ট্রেজারার বা কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন ডা. আবু মো. মোফাখখারুল ইসলাম (রানা)।

বোর্ডের বাকি ১২ সদস্য হলেন- অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, অধ্যাপক ডা. মো. সহিদুর রহমান, ফারুক উদ্দিন ভূঁইয়া, রফিকুল ইসলাম সিকদার (রফিক সিকদার), ডা. কবিরুজ্জামান, এবিএম জাকারিয়া, ডা. শাহ মোহাম্মদ সারোয়ার আলম, ড. জামিল আহমেদ, কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, রেজাউর রহমান চৌধুরী, অধ্যাপক ড. শেখ তৌহিদুল ইসলাম এবং এস এম মাহিদুল ইসলাম সজীব।

মন্ত্রণালয় জানিয়েছে, নবগঠিত এই এডহক ম্যানেজিং বোর্ডের মেয়াদ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৩ (তিন) মাস হবে। 

এএইচ