ঢাকা, সোমবার   ২২ জুন ২০২৬,   আষাঢ় ৭ ১৪৩৩

বাবা দিবসে বিশ্বরঙের বিশেষ উপহার ‘সোনার কাঠি রূপার কাঠি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৮ পিএম, ২১ জুন ২০২৬ রবিবার | আপডেট: ০৯:২৩ পিএম, ২১ জুন ২০২৬ রবিবার

বাবা দিবস উপলক্ষে বাংলা গানের কিংবদন্তি শিল্পী এ এফ এম সাইফুল ইসলামের কালজয়ী গান ‘সোনার কাঠি রূপার কাঠি’ নতুন আয়োজনে প্রকাশ করেছে ফ্যাশন ও লাইফস্টাইল প্রতিষ্ঠান বিশ্বরঙ।

রোববার (২১ জুন) সন্ধ্যায় মিউজিক ভিডিওটি একযোগে বিশ্বরঙ ও বিপ্লব সাহার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। পাশাপাশি বিশ্বরঙের অফিসিয়াল ফেসবুক পেজেও এটি উন্মুক্ত করা হয়।

বিশ্বরঙের বিশেষ এই নিবেদনে গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার বিপ্লব সাহা। আর কবিতা পাঠে অংশ নিয়েছেন দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, যিনি মূল শিল্পী এ এফ এম সাইফুল ইসলামের কন্যা। বাবা দিবসকে সামনে রেখে প্রকাশিত এই ট্রিবিউট সংস্করণে কিংবদন্তি শিল্পীর প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। 

গানটির মূল শিল্পী এ এফ এম সাইফুল ইসলাম। এর গীতিকার নাঈম গহর এবং সুরকার আনোয়ার পারভেজ। নতুন আয়োজনে সংগীত পরিচালনা ও সংগীতায়োজন করেছেন রাজন সাহা। ভিডিওটির সিনেমাটোগ্রাফি করেছেন অনিক চন্দ।

বিপ্লব সাহা বলেন, “সাদিয়া ইসলাম মৌ আমাদের সংস্কৃতি অঙ্গনের এক অনন্য নাম। তাঁর জন্মদিন এবং বাবা দিবস একই দিনে হওয়ায় আমি এমন একটি উপহার দিতে চেয়েছি, যা তাঁর হৃদয়কে স্পর্শ করবে। সংগীতশিল্পী সাইফুল ইসলামের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে গানটি নতুনভাবে উপস্থাপন করেছি। সাদিয়া ইসলাম মৌ-এর কণ্ঠে প্রথমবারের মতো কবিতা পাঠ এই কাজটিকে আরও অর্থবহ ও স্মরণীয় করে তুলেছে।”

বিশ্বরঙ কর্তৃপক্ষ জানিয়েছে, সাদিয়া ইসলাম মৌ-এর জন্মদিন এবং বাবা দিবস উপলক্ষে নির্মিত এই বিশেষ মিউজিক ভিডিও কেবল একটি সংগীতায়োজন নয়; এটি একজন কন্যার হৃদয়ে তাঁর বাবা সংগীতশিল্পী সাইফুল ইসলামের প্রতি গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও স্মৃতিচারণের এক শিল্পিত প্রকাশ। একই সঙ্গে এটি একজন শিল্পীর প্রতি আরেকজন শিল্পীর সম্মান নিবেদনেরও অনন্য উদাহরণ। 

বাবা দিবস ও জন্মদিনের এই বিশেষ ক্ষণে প্রকাশিত ভিডিওটি দর্শক-শ্রোতাদের হৃদয়েও বিশেষ আবেগের সঞ্চার করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এমআর//