ঢাকা, সোমবার   ২২ জুন ২০২৬,   আষাঢ় ৮ ১৪৩৩

পাংশায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, একজনের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৭ এএম, ২২ জুন ২০২৬ সোমবার

রাজবাড়ীর পাংশায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় জামিন বিশ্বাস (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

রোববার (২১ জুন) রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন পাট্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আকিদুল ইসলাম। 

নিহত জামিন বিশ্বাস উপজেলার পাট্টা ইউনিয়নের ঢেঁপা মাজাইল গ্রামের মো: হোসেন আলী বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে উপজেলার কশবামাজাইল ইউনিয়নের দড়ি-বাংলাট ও পাট্রা ইউনিয়নের ঢেঁপা-মাজাইল গ্রামের বাসিন্দাদের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।  এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়। 

গুরুতর আহত হন জামির বিশ্বাস। তাকে উদ্ধার করে প্রথম ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকার একটি হসপাতালে ভর্তি করা হয়। রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজন আহত হয়ে পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এএইচ