বিমানের টিকিট বিক্রিতে অনিয়ম তদন্তে ৬ সদস্যের কমিটি গঠন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:০৯ এএম, ২২ জুন ২০২৬ সোমবার
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিট বিক্রিতে অনিয়ম, সিন্ডিকেট ও কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ তদন্তে ৬ সদস্যের একটি কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। দীর্ঘদিনের অভিযোগের পর বিষয়টি খতিয়ে দেখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি একুশে টেলিভিশনের হাতে এসেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৮ জুন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মানবসম্পদ বিভাগের পরিচালক সৈয়দ মইন উদ্দীন আহমেদের স্বাক্ষরে তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটিকে আগামী ২১ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকিট বিক্রয় কার্যক্রমে কোনো অনিয়ম, অসঙ্গতি বা বিধিবহির্ভূত কর্মকাণ্ড সংঘটিত হয়ে থাকলে তার প্রকৃতি, কারণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী বা অন্য ব্যক্তিদের দায়-দায়িত্ব নির্ধারণ করা হবে।
এছাড়া অতিরিক্ত ও অযাচিত বুকিং, আসন ধরে রাখা, কৃত্রিম সংকট সৃষ্টি, মৌসুমি চাহিদার প্রভাব এবং টিকিট পুনর্বিক্রয় সংক্রান্ত অনিয়ম তদন্তের আওতায় আনা হয়েছে। কোনো প্যাসেঞ্জার সেলস এজেন্ট (পিএসএ) বা বাহ্যিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের ভূমিকাও খতিয়ে দেখা হবে।
তদন্ত শেষে টিকিট বিক্রয় ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন জমা দেবে কমিটি।
এএইচ
