দ্বিপক্ষীয় বৈঠক শেষ, যৌথ সংবাদ সম্মেলনে তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:০০ পিএম, ২২ জুন ২০২৬ সোমবার | আপডেট: ১২:০৪ পিএম, ২২ জুন ২০২৬ সোমবার
প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দ্বিপক্ষীয় বৈঠকের পর উভয় নেতা আনুষ্ঠানিক যৌথ সংবাদ সম্মেলনে আসেন।
সোমবার মালয়েশিয়ায় স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় পেরদানা পুত্রা ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এ বৈঠকে নিজ নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
পরে উভয়ের নেতৃত্বে প্রতিনিধি পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তাঁরা দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক বিষয় পর্যালোচনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করেন।
আলোচনায় বাংলাদেশী কর্মী নিয়োগের জন্য শ্রমবাজার পুনরায় উন্মুক্তকরণ, বিভিন্ন কারণে অবৈধ হয়ে যাওয়া বাংলাদেশী নাগরিকদের নিয়মিতকরণ ও ওয়ার্ক পারমিট নবায়ন, বাংলাদেশের আম, ফলমূল ও শাকসবজির জন্য মালেশিয়ার বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি, আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য বাংলাদেশের আবেদন, রিজওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে বাংলাদেশের অন্তর্ভুক্তি, রোহিঙ্গা ইস্যু এবং জাতিসংঘ ও অন্যান্য বহুপাক্ষিক ফোরামে সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।
বৈঠকের পর উভয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ ছাড়া সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা সংক্রান্ত একটি দলিল এবং বিনিয়োগ সংক্রান্ত একটি দ্বিপাক্ষিক দলিল বিনিময় করা হয়।
দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দলিল দুটি বিনিময় করেন।
এরপর দু’দেশের প্রধানমন্ত্রী একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। সংবাদ সম্মেলন শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন তারেক রহমান ও জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা। এ সময়ে মালয়েশিয়ার প্রখ্যাত শিল্পীরা মালয় ও বাংলা ভাষায় গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গতকাল রোববার স্থানীয় সময় রাত পৌনে নয়টায় কুয়ালালামপুরে পৌঁছান তারেক রহমান। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গত ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধান হিসেবে তারেক রহমান দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর এটা তাঁর প্রথম প্রথম রাষ্ট্রীয় সফর।
এএইচ
