শিশু তাবাসসুম ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ডের আদেশ
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত : ০১:৫৪ পিএম, ২২ জুন ২০২৬ সোমবার | আপডেট: ০১:৫৭ পিএম, ২২ জুন ২০২৬ সোমবার
ঝিনাইদহের কালীগঞ্জে আলোচিত শিশু তাবাসসুম তোয়া ধর্ষণ ও হত্যা মামলার একমাত্র আসামি আবু তাহেরকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।
সোমবার দুপুরে জেলার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহুজ্জামান এ দণ্ডাদেশ প্রদান করেন।
একই সাথে ৫ লাখ টাকা ক্ষতিপুরণ ও অন্য একটি ধারায় ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয় আসামিকে।
মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি কালীগঞ্জের বাদুরগাছা গ্রামের ৫ বছরের শিশু তাবাসসুম বাড়ি থেকে থেকে নিখোঁজ হয়। পরদিন সকালে পার্শবর্তী একটি বিদ্যালয়ের সেফটিক ট্যাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় শিশুটির পিতা ওইদিনই অজ্ঞাতদের আসামি করে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
এ মামলায় ২৭ ফেব্রুয়ারি আবু তাহের নামের প্রতিবেশী যুবককে কুষ্টিয়া থেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে পুলিশ। হত্যার দ্বায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় আবু তাহের।
তদন্ত শেষে পুলিশ ২৬ মে আবু তাহেরকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে। মাত্র ৫ কার্যদিবসে ১৭ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে ঘটনার ৪ মাসের মধ্যে মামলার রায় প্রদান করে আদালত। রায়ে ধর্ষণ ও হত্যার অপরাধে ফাঁসির আদেশ দেওয়া হয়। সেই সাথে ক্ষতিপুরণ হিসেবে ৫ লাখ টাকা জরিমানা করে আদালত। এছাড়া লাশ গুমের অপরাধে ৭ বছরের কারাদণ্ডা দেওয়া হয়।
দণ্ডিত আবু তাহের কালীগঞ্জ উপজেলার বাদেডিহি গ্রামের রফিউদ্দিনের ছেলে।
এএইচ
