পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৪৫ পিএম, ২২ জুন ২০২৬ সোমবার
ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সেই সাথে লেবার পার্টির দলীয় প্রধানের পদ থেকেও তিনি পদত্যাগ করছেন।
সোমবার লন্ডনে প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে তিনি এই ঘোষণা দেন। ব্রিটেনের রাজা চার্লসের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে নিজের এই পদত্যাগের সিদ্ধান্তের বিষয়টি তাকে বিশদভাবে অবহিত করেছেন।
স্টারমার বলেন, তার দল এখন যে প্রশ্নটি করছে তা হলো আগামী সাধারণ নির্বাচনে নেতৃত্ব দেওয়ার জন্য তিনিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কিনা।
তিনি বলেন, এই প্রশ্নের বিষয়ে তিনি তার দলের ‘উত্তর শুনেছেন’ এবং ‘উদার মনে সেই উত্তর মেনে নিয়েছেন।’
স্টারমার জানান, তার নেওয়া প্রতিটি সিদ্ধান্তই ছিল ‘আমার ভালোবাসার দেশকে সবার আগে স্থান দেওয়ার’ বিষয়ে।
‘আমি লেবার পার্টির নেতা হিসেবে পদত্যাগ করব’ তিনি বলেন।
পদত্যাগের ঘোষণা দেওয়ার আগে স্টারমার বলেন, তিনি এমন এক লেবার পার্টি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন যা ছিল রাজনৈতিকভাবে, আর্থিকভাবে এবং মানসিকভাবে দেউলিয়া।
তিনি বলেন, তাকে বারবার বলা হয়েছিল যে এই দল ‘শেষ হয়ে গেছে’, কিন্তু তিনি সেই মানুষদের ভুল প্রমাণ করেছেন।
স্টারমার বলেন, "ইহুদি-বিদ্বেষের (অ্যান্টি-সেমিটিজম) বিষ উপড়ে ফেলে" তিনি দলটিকে পরিবর্তন করেছেন। তিনি আরও যোগ করেন, "(এর মাধ্যমে) অর্থনীতি, প্রতিরক্ষা এবং জাতীয় নিরাপত্তার ওপর আস্থা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।"
দলীয় প্রধানের এই আকস্মিক ঘোষণার পর তিনি লেবার পার্টির সর্বোচ্চ নীতি-নির্ধারণী কমিটি তথা ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির কাছে নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য একটি সুনির্দিষ্ট সময়সূচি বা টাইমটেবিল তৈরির অনুরোধ জানিয়েছেন। তার প্রস্তাব অনুযায়ী আগামী ৯ জুলাই থেকে নতুন দলীয় প্রধান পদের জন্য আনুষ্ঠানিক মনোনয়ন নেওয়া শুরু হবে এবং সংসদের আসন্ন গ্রীষ্মকালীন ছুটির আগেই এই সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে।
নতুন এই রাজনৈতিক সময়সূচি অনুযায়ী আগামী সেপ্টেম্বর মাসে ব্রিটেনের জাতীয় সংসদ বা পার্লামেন্ট পুনরায় চালু হওয়ার আগেই লেবার পার্টি তাদের একজন নতুন স্থায়ী দলীয় প্রধান পেয়ে যাবে।
কিয়ার স্টারমার স্পষ্ট করে জানিয়েছেন, নতুন দলীয় প্রধান বা উত্তরসূরি চূড়ান্তভাবে নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি দেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিজের সরকারি দায়িত্ব ও রাষ্ট্রীয় পদে বহাল থাকবেন।
সূত্র: বিবিসি
এএইচ
