১৭ বছর পর ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:১৪ পিএম, ২২ জুন ২০২৬ সোমবার
দীর্ঘ ১৭ বছর পর আবারও ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী বছরের মে মাসের শেষ দিকে অনুষ্ঠিত হতে যাওয়া এই সফরে একটি টেস্ট ম্যাচ খেলবে দুই দল।
যদিও সফরটি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সাম্প্রতিক ঊর্ধ্বমুখী পারফরম্যান্স ইংল্যান্ডকে এই ম্যাচ আয়োজনের ব্যাপারে আগ্রহী করেছে।
প্রতিবেদন অনুযায়ী, আসন্ন অ্যাশেজ সিরিজের প্রস্তুতির অংশ হিসেবেই বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচটি খেলতে চায় ইংল্যান্ড। তবে ম্যাচটির ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। দ্য গার্ডিয়ান বলছে, ভেন্যু নির্ধারণ অনেকটা নির্ভর করছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ওপর।
আগামী মাসে অনুষ্ঠিতব্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যদি লর্ডসে অনুষ্ঠিত হয়, তাহলে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচটি আয়োজন করা হতে পারে ওভালে।
বাংলাদেশ সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করেছিল ২০১০ সালে। এর আগে প্রথমবারের মতো দেশটিতে সফর করে ২০০৫ সালে। দুই দলের সর্বশেষ টেস্ট অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে মিরপুরে, যেখানে জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর সাদা পোশাকের ক্রিকেটে আর মুখোমুখি হয়নি দুই দল।
তবে ইংল্যান্ড সফরের আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। আগামী ফেব্রুয়ারিতে সেই সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ইংল্যান্ড দলের।
এমআর//
