ঢাকা, মঙ্গলবার   ২৩ জুন ২০২৬,   আষাঢ় ৮ ১৪৩৩

‘মবোক্রেসি’ শব্দ নিয়ে সংসদে আপত্তি, স্পিকার বললেন ‘অশ্লীল নয়’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৯ পিএম, ২২ জুন ২০২৬ সোমবার

বাজেটের প্রতিবাদে বিরোধী দলের কর্মসূচিকে ‘মবোক্রেসি’ বলায় জাতীয় সংসদে আপত্তি তুলেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা।

তবে শব্দটি এক্সপাঞ্জের দাবি নাকচ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ; তার ভাষ্য, শব্দটি ‘অসংসদীয় নয়’।

সোমবার (২২ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট আলোচনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন বিরোধী দলের বাজেট প্রতিক্রিয়ার সমালোচনা করতে গিয়ে ‘মবোক্রেসি’ শব্দটি ব্যবহার করেন।

বাজেট আলোচনার সময় বীথিকা বিনতে হোসাইন বিরোধী দলের বাজেট বিরোধী বিক্ষোভের সমালোচনা করে বলেন, বাজেট প্রকাশের পর যারা রাস্তাঘাটে ‘মানি না, মানব না’ বলে ব্যানার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে, তা একটি মবোক্রেসি।

তার এই বক্তব্যের পরপরই পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রাশেদুল ইসলাম মাবোক্রেসি শব্দটিকে আপত্তিকর দাবি করে তা এক্সপাঞ্জ করার অনুরোধ জানান। এর প্রেক্ষিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, এটি কোনো অশ্লীল শব্দ নয় এবং তিনি এটিকে অসংসদীয় বলেও মনে করেন না। স্পিকারের দাবি, মবক্রেসি এখন একটি ‘কমন টার্ম’ বা সাধারণ পরিভাষা হিসেবে ব্যবহৃত হচ্ছে।

পরবর্তীতে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান ফ্লোর নিয়ে এই শব্দের সমালোচনা করেন। তিনি বলেন, মবক্রেসি শব্দটির অর্থ ইতিবাচক নয় এবং এটি একটি আপত্তিকর শব্দ। তিনি আশা প্রকাশ করেন, বীথিকা বিনতে হোসাইন হয়তো খেয়ালবশত বা বেখেয়ালে শব্দটি বলে ফেলেছেন, যা সংসদীয় ভাষায় বেমানান। তিনি পুনরায় এই শব্দটি এক্সপাঞ্জ করার দাবি জানান।

তবে স্পিকার তার অবস্থানে অনড় থেকে জানান, এটি অসংসদীয় কোনো কিছু নয় এবং সবার বক্তব্যেই এখন এ ধরনের শব্দের ব্যবহার শোনা যায়। তিনি বিরোধীদলীয় নেতাকে পরামর্শ দেন, যখন তাদের বাজেট আলোচনায় বলার সুযোগ আসবে, তখন তারা যেন এর উপযুক্ত জবাব দেন।

এমআর//