আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:০৪ পিএম, ২৩ জুন ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০১:৩৮ পিএম, ২৩ জুন ২০২৬ মঙ্গলবার
দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল সিদ্ধান্ত দেবে বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার সরকারের কার্যক্রম নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে একথা জানান তিনি।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মাঠে রাজনৈতিকদলগুলোর অবস্থান প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ দলটা নিষিদ্ধ হবে কি হবে না এটা পরিষ্কার করা দরকার। সেটা নির্ধারিত হবে আদালতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিল কি ছিল না, সেটা বিচারের পর নির্ধারিত হবে।
তথ্যউপদেষ্টা বলেন, ওই পর্যন্ত বিচারাধীন থাকবে এবং দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকবে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে।
রাজনৈতিক দলকে গণতান্ত্রিক হতে হয়। গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। আওয়ামী লীগের বিষয়ে বিচারিক প্রক্রিয়ায় আদালতের রায় মেনে নেওয়া হবে বলে জানান তিনি।
নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচনে যে কেউ দলীয় পরিচয় ছাড়া অংশ নিতে পারবেন বলে আবারও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও একজন সাধারণ নাগরিক রাষ্ট্রের সমান অধিকার ভোগ করবে-সরকারের এই নীতিকেও সামনে আনেন উপদেষ্টা।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বাংলাদেশ থেকে কর্মী নেয়ার ক্ষেত্রে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে আগ্রহ দেখানো হয়েছে। শ্রমবাজার খোলার ব্যাপারে সরকার আশাবাদী। অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) সঙ্গে বাংলাদেশ সম্পৃক্ত হতে আগ্রহী জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে মালয়েশিয়ার সমর্থন আদায়ে প্রচেষ্টা চলছে। দেশটির সঙ্গে বাণিজ্য চুক্তি এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা চলছে।
এ সময় সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের মাজারগুলোতে জনগণের যে দানের টাকা জমা হয়, তার একটি স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকা উচিত। নীতিগতভাবেই এটি সরকারের পক্ষ থেকে বিশ্বাস করি।
এএইচ
