ঢাকা, মঙ্গলবার   ২৩ জুন ২০২৬,   আষাঢ় ৯ ১৪৩৩

সাংবাদিকদের ওপর হামলায় জামায়াতের দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি গঠন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৫৯ পিএম, ২৩ জুন ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০৩:০৩ পিএম, ২৩ জুন ২০২৬ মঙ্গলবার

রাজধানীর ধানমন্ডিতে ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিলে অনাকাঙ্খিতভাবে সাংবাকিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে দলটি।

মঙ্গলবার দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়া হোসেন।

বিবৃতিতে দেলাওয়ার হোসেন বলেন, জামায়াতে ইসলামী স্বাধীন সাংবাদিকতার প্রতি গভীর শ্রদ্ধাশীল এবং সাংবাদিকদের সুরক্ষায় বদ্ধপরিকর। জামায়াতে ইসলামীর কোনো স্তরের জনশক্তি স্বাধীন সাংবাদিকতায় কখনো বাঁধা সৃষ্টি করেনি, আগামীতেও করবে না। আজ ধানমন্ডিতে অনাকাঙ্খিতভাবে সাংবাদিকদের ওপর হামলার যেই ঘটনা ঘটেছে ঐ ঘটনার সাথে জামায়াতে ইসলামীর কোনো জনশক্তি জড়িত থাকলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এই ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি জানান, ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে। 

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, জামায়াতের প্রোগ্রামে গুপ্তচর কেউ এমন ঘটনা ঘটিয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে এবং এই ঘটনায় ধানমন্ডি জোন পরিচালক ও মহানগরী কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুর নবী মানিককে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

আগামীকালকের মধ্যে গঠিত কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।  

এদিকে, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচারে সম্পাদক আবদুস সাত্তার সুমন তাৎক্ষণিক আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের শারীরিক খোঁজ-খবর নিতে ছুঁটে যান। তিনি এই ঘটনায় দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের ধৈর্য রাখার অনুরোধ জানান।

এএইচ