মেঘনায় বিকল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮০ যাত্রী উদ্ধার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:১১ পিএম, ২৩ জুন ২০২৬ মঙ্গলবার
মুন্সীগঞ্জে মেঘনা নদীতে বিকল হয়ে পড়া একটি লঞ্চের নারী-শিশুসহ প্রায় ৮০ জন যাত্রীকে উদ্ধার করেছে নৌ পুলিশ।
মঙ্গলবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে সোমবার বিকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোনকলের পর তাৎক্ষণিক ব্যবস্থায় যাত্রীদের উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেঘনা নদী থেকে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে সেলিম হোসেন নামে একজন লঞ্চযাত্রী ফোন করে জানান, মকবুল-২ নামে একটি লঞ্চযোগে তারা চাঁদপুর থেকে নারায়ণগঞ্জ ফিরছিলেন। পথিমধ্যে মুন্সীগঞ্জের মেঘনা নদীর ষোলআনি এলাকায় তাদের লঞ্চটি বিকল হয়ে যায়, লঞ্চে নারী-শিশুসহ প্রায় ৮০ জন যাত্রী রয়েছেন। কলার তাদের দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান।
৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য মুন্সীগঞ্জের গজারিয়া নৌপুলিশ ফাঁড়িতে জানানো হয়। ৯৯৯ নম্বরে কলটি গ্রহণ করেছিলেন কলটেকার কনস্টেবল ফারজানা এবং বিষয়টি সংশ্লিষ্ট নৌ পুলিশের সাথে তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এএসআই শহিদুল ইসলাম।
সংবাদপ্রাপ্ত হয়ে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থল মেঘনা নদীর ষোলআনিতে উপস্থিত হয়ে চাঁদপুর থেকে নারায়ণঞ্জগামী এমডি আল-মাহবুব নামে অন্য একটি লঞ্চ থামিয়ে বিকল লঞ্চের যাত্রীদের তুলে দেয়।
এএইচ
