‘ভাইরাল’ সেই ঢাবি শিক্ষককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ২৩ জুন ২০২৬ মঙ্গলবার
সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে ভাইরাল হওয়াকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিভাগের একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সোমবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সভায় উপস্থিত একাধিক সদস্য জানিয়েছেন।
সম্প্রতি অধ্যাপক তাশরিক-ই-হাবিব সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন জনপ্রিয় গান পরিবেশন করে ব্যাপক আলোচনায় আসেন। তিনি শাহ আব্দুল করিম, জেমস ও ফজলুর রহমান বাবুর গান গেয়ে ফেসবুকে উল্লেখযোগ্য সাড়া পান। তার গাওয়া কয়েকটি গান দ্রুত ভাইরাল হলে শিক্ষার্থীদের একাংশের মধ্যে এ নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।
সমালোচনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অধ্যাপক তাশরিক-ই-হাবিব বলেন, ডিজিটাল কনটেন্ট নির্মাণে প্রশংসা ও সমালোচনা— দুটিই স্বাভাবিক। কেউ নেতিবাচক প্রতিক্রিয়া জানালেও সেটি কনটেন্টের প্রচার, ভিউ ও দর্শকসংখ্যা বাড়াতে ভূমিকা রাখে। ট্রলাররাও আমাদের বন্ধু।
তিনি জানান, ফেসবুকে প্রকাশিত তার গানের রিলগুলো হাজার হাজার ভিউ পাচ্ছে। আগে রান্না বিষয়ক ভিডিও প্রকাশ করলেও তুলনামূলক কম সাড়া মিলেছিল। তবে গান প্রকাশের পর দর্শকসংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অল্প সময়ের মধ্যেই তিনি ফেসবুক থেকে একাধিক ক্রিয়েটর ব্যাজ অর্জন করেছেন।
অধ্যাপক তাশরিক-ই-হাবিব বলেন, নতুন কোনো উদ্যোগ শুরুতে সবার কাছে সহজে গ্রহণযোগ্য হয় না। তাই সমালোচনায় নিরুৎসাহিত না হয়ে কাজের মানোন্নয়নে মনোযোগ দেওয়া প্রয়োজন। ভালো-মন্দ মূল্যায়নের দায়িত্ব দর্শকের, আর কনটেন্ট নির্মাতার দায়িত্ব হলো মানসম্পন্ন কনটেন্ট উপস্থাপন করা।
এএইচ
