ঢাকা, বুধবার   ২৪ জুন ২০২৬,   আষাঢ় ৯ ১৪৩৩

ডিবি হেফাজতে যুবকের মৃত্যুর ঘটনায় ফরিদপুর ডিবির ওসি প্রত্যাহার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৫ পিএম, ২৩ জুন ২০২৬ মঙ্গলবার

ফরিদপুরের মধুখালীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় ফরিদপুর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আলমগীর হোসেনকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, ডিবি সদর জোনে কর্মরত ওসি সৈয়দ মো. আলমগীর হোসেনকে প্রত্যাহার করে ফরিদপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম বলেন, প্রশাসনিক কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

জানা যায়, নিহত মির্জা ইশতিয়াক আহমেদ মধুখালী পৌরসভার পশ্চিম গোন্দারদিয়া মহল্লার বাসিন্দা এবং ফরিদপুর আইন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পরিবারের দাবি, গত শনিবার (২০ জুন) বিকেল ৫টার দিকে ডিবি পুলিশ ইশতিয়াককে আটক করে। সে সময় তার মায়ের সামনেই তাকে অনেক মারধর করা হয়েছিল। পরবর্তীতে গত রোববার (২১ জুন) সকাল ৮টার দিকে ফরিদপুর মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডিবি হেফাজতে তার মৃত্যু হয়।

এ ঘটনার প্রতিবাদে সোমবার ইশতিয়াকের জানাজার আগে বিক্ষোভ প্রদর্শন করে এলাকাবাসী। বিক্ষুব্ধ জনতা ৪০ মিনিটের জন্য ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে। এ সময় মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে যাত্রীদের দুর্ভোগের মধ্যে পড়তে হয়। পরে মৃত ইশতিয়াকের পরিবারের অনুরোধে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়।

এদিকে সোমবার দুপুর সোয়া দুটার দিকে মধুখালী ঈদগাহ ময়দানে জানাজার নামাজের আগে উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সহ তিন জন বিএনপি নেতা বক্তব্য দেন। বিএনপি নেতারা এই ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যায়িত করে দ্রুত এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে তাদের আইনের আওতায় আনার দাবি জানান।

এমআর//