ঢাকা, বুধবার   ২৪ জুন ২০২৬,   আষাঢ় ১০ ১৪৩৩

এস আলমের নাগরিকত্ব ত্যাগের সব নথি দাখিলের নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০২ এএম, ২৪ জুন ২০২৬ বুধবার

বাংলাদেশী পাসপোর্ট ইস্যুতে এস আলমের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে করা আবেদনের নথি পর্যালোচনা করবেন হাইকোর্ট। আর তাই সেই নথির সব ডকুমেন্টস হাইকোর্টে দাখিল করতে বলা হয়েছে। 

বুধবার শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ সময়ের মধ্যে এস আলমের পাসপোর্টের বিষয় কোনো পদক্ষেপ না নেয়ারও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করতে গেলো ফেব্রুয়ারিতে আবারও আবেদন করেন এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম। নিজের, স্ত্রী ফারজানা পারভীন এবং দুই ছেলে আশরাফুল আলম ও আসাদুল আলম মাহিরের নাগরিকত্ব পরিত্যাগের আবেদন করেন তারা। 

বিএনপি সরকার গঠনের পর করা এ রিটে যাচাই বাছাই শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। 

এর আগে ২০২০ সালেও বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগের আবেদন করেছিলেন এস আলম গ্রুপের কর্ণধার। তাঁর আইনজীবীদের দাবি, ওই সময় আওয়ামী লীগ সরকার তাঁর আবেদন মঞ্জুর করেছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ২০২০ সালের ১৯ জুলাইয়ের একটি স্মারক দেখিয়ে বলা হয়, সাইপ্রাসের নাগরিকত্ব গ্রহণের কারণে সাইফুল আলমের বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগের আবেদন তৎকালীন আওয়ামী লীগ সরকার মঞ্জুর করেছিল।

তবে ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ইসলামী ব্যাংক গত বছরের নভেম্বরে হাইকোর্টে একটি রিট আবেদন করে। ওই রিটের পরিপ্রেক্ষিতে সাইফুল আলমের নাগরিকত্ব ত্যাগের আবেদন মঞ্জুর হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া স্মারক স্থগিত করেন হাইকোর্ট। 

ফলে এস আলমের বাংলাদেশের নাগরিকত্বের প্রশ্নটি এখনও অমীমাংসিত রয়েছে।

এএইচ