বগুড়ার বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত : ০১:০১ পিএম, ২৪ জুন ২০২৬ বুধবার | আপডেট: ০৩:০২ পিএম, ২৪ জুন ২০২৬ বুধবার
নানা বিতর্কের পর প্রধানমন্ত্রীর নির্দেশে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও বংশের নামে করা বগুড়া-২ আসনের শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার নবগঠিত তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত তিনটি ইউনিয়নেই গণশুনানির মাধ্যমে নাম পরিবর্তনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়।
উপজেলা প্রশাসনের তথ্য মতে, তিনটি ইউনিয়নে তিনটি কমিটি গঠন করে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসকের নির্দেশনা অনুসারে স্থানীয় ইতিহাস, ঐতিহ্য ও বা অন্য কোনো সর্বজনগ্রাহ্য নাম প্রস্তাবের মাধ্যমেই নতুন নাম নির্ধারণ করা হবে।
সেক্ষেত্রে,পূর্ববর্তী নাম মীরবাড়ি, সীমান্ত ও দিগন্ত নাম প্রস্তাব করা যাবেনা বলেও উল্লেখ করা হয় নির্দেশনায়।
প্রতিটি ইউনিয়নের শুনানিতেই দেখা যায় বাসিন্দাদের সরব ও ব্যাপক উপস্থিতি। স্থানীয় এলাকাবাসীরা জানান, মাইকিং করে যেভাবে গণশুনানির জন্য ডাকা হয়েছে তা আগের বার করা হয়নি।
তারা অভিযোগ করেন, এর আগে ব্যক্তিস্বার্থেই কাগজে কলমে গণশুনানি করা হয়েছে। কেউ এসব ইউনিয়নের নামকরণের ব্যাপারে কিছুই জানতেন না। আজ গণশুনানি শেষে সাধারণের সর্বাধিক প্রস্তাবিত নামটিই ইউনিয়নের নামকরণ নির্ধারণ করে, জেলা প্রশাসকের নিকট পাঠানো হবে বলে জানান গণশুনানি কমিটির আহবায়কেরা।
এর আগে গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসনের এক প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার ৫টি এবং নবঘোষিত মোকামতলা উপজেলার ৮টি ইউনিয়নের প্রশাসনিক এলাকা পুনর্গঠন করা হয়। ১৪ জুন ইউনিয়নের নতুন নামসহ গেজেট প্রকাশের পরপরই নামকরণ নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা।
অভিযোগ উঠে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পারিবারিক উপাধি ও দুই ছেলের নামের সাথে মিল রেখে নামকরণ করা হয়েছে। পরবর্তীতে গেলো ২০ জুন, বগুড়া জেলা প্রশাসকের কাছে তিনটি ইউনিয়নের নাম পরিবর্তন করে চিঠি পাঠান সরকারপ্রধান তারেক রহমান।
এরপর নাম পরিবর্তন নিয়ে গণশুনানির জন্য উপজেলা প্রশাসনের সরকারি তিন কর্মকর্তার নেতৃত্বে তিনটি আলাদা কমিটি করে দেওয়া হয়। সে অনুযায়ী, ‘মীরবাড়ী’ ইউনিয়নের গণশুনানি অনুষ্ঠিত হয় বেতগাড়ী মীরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। একই সময়ে ‘সীমান্ত’ ইউনিয়নের জগন্নাথপুর উচ্চবিদ্যালয় মাঠ ও ‘দিগন্ত’ ইউনিয়নের ভরিয়া উচ্চবিদ্যালয় মাঠে গণশুনানি অনুষ্ঠিত হয়।
এএইচ
