ঢাকা, বৃহস্পতিবার   ২৫ জুন ২০২৬,   আষাঢ় ১২ ১৪৩৩

ভেনেজুয়েলায় পরপর দু’বার ভূমিকম্প, ১০ হাজার প্রাণহানির শঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৮ এএম, ২৫ জুন ২০২৬ বৃহস্পতিবার

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রথমে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। এতে বিপুল সংখ্যক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ইউএসজিএস এক বিবৃতিতে জানিয়েছে, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

স্থানীয় সময় বুধবার (২৫ জুন) দেশটির রাজধানী কারাকাসের পশ্চিম এলাকায় পরপর দুইবার ভূমিকম্প অনুভূত হয়।

ইউএস জিওলজিক্যাল সার্ভেরস (ইউএসজিএস) বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার (১৭৬ মাইল) পশ্চিমে সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে; এর পরপরই রাজধানী থেকে প্রায় ২৯৩ কিলোমিটার (১৮২ মাইল) পশ্চিমে ইউমারের কাছে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়।

ইউএসজিএস বলছে, এই ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। সংস্থাটি প্রাথমিকভাবে অনুমান করেছে যে মৃতের সংখ্যা সম্ভবত ১০ হাজার থেকে এক লাখের মধ্যে হতে পারে।

যেদিন ভূমিকম্প হয়, সেদিন দেশটিতে জাতীয় ছুটি ছিল। বহু মানুষ সেদিন বাড়িতে অবস্থান করছিলেন। সে সময়েই আঘাত হানে এই বিধ্বংসী জোড়া ভূমিকম্প। ওই অঞ্চলে দেশটির বেশ কয়েকটি তেল শোধানারগার আছে।

ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে সুনামির সতর্কতা জারি করেছিল ইউএসজিএস; তবে পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের ফলে রাজধানী কারাকাসে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেয়ো রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন।

বারিনাস রাজ্যের নির্বাচিত প্রতিনিধি উইলমার আজুয়াজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন। এতে কারাকাসের সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরে ধসে পড়া ধ্বংসাবশেষ এবং মানুষকে নিরাপদ আশ্রয়ের জন্য দৌড়াতে দেখা গেছে।

এএইচ