গাংনী সীমান্তে আবারও বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির কঠোর অবস্থান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ২৬ জুন ২০২৬ শুক্রবার | আপডেট: ০৬:১৭ পিএম, ২৬ জুন ২০২৬ শুক্রবার
মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে আবারও তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর প্রতিরোধের মুখে তাদের ফেরত নিতে বাধ্য হয় বিএসএফ।
শুক্রবার (২৬ জুন) ভোরে উপজেলার কাথুলী ইউনিয়নের রাধাগোবিন্দপুর ধলা সীমান্তে এ ঘটনা ঘটে।
ধলা বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার শিশির কুমার সরকার জানান, ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার করিমপুর থানার বুড়িপোতা বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্তের গেট খুলে তিনজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর সতর্ক অবস্থানের কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। পরে বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনার পর বিএসএফ ওই তিনজনকে ফেরত নিয়ে যায়।
এর আগেও চলতি মাসে একই ধরনের একাধিক পুশইনের চেষ্টা হয়। গত ৬ জুন ভোরে গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া সীমান্ত দিয়ে ৬ জনকে, ১৯ জুন সদর উপজেলার বুড়িপোতা সীমান্তের খালপাড়া এলাকা দিয়ে ৪ জনকে এবং ২৫ জুন গাংনী উপজেলার সহড়াতলা সীমান্ত দিয়ে ৭ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। প্রতিটি ক্ষেত্রেই বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর কঠোর অবস্থানের কারণে বিএসএফ তাদের ফেরত নিতে বাধ্য হয়।
এমআর//
