গাজীপুরে নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ-সড়ক অবরোধ, টিয়ারশেল নিক্ষেপ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৪:২০ পিএম, ২৭ জুন ২০২৬ শনিবার | আপডেট: ০৪:২৮ পিএম, ২৭ জুন ২০২৬ শনিবার
গাজীপুরের শ্রীপুরে অসুস্থ হয়ে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনায় আয়োজিত মিলাদ মাহফিলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। শ্রমিকরা বিক্ষোভ করে সড়ক অবরোধ করতে গেলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
শনিবার সকালে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে।
ওই নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে শ্রমিক-পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ ১৮ রাউন্ড সাউন্ড গ্রেনেড ও ৩ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে।
গত বুধবার রাতে কালার এন্ড কোং লিমিটেড কারখানায় কর্মস্থলে অসুস্থ হয়ে মারা যাওয়া শ্রমিক লিজা আক্তারের স্মরণে সকালে ভেতরে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে কালার অ্যান্ড কোং লিমিটেড ও পাশের কারখানাল শ্রমিকদের আমন্ত্রণ জানানো হয়েছিল।
সকাল থেকে শ্রমিকরা কারখানায় জড়ো হতে থাকলে একপর্যায়ে কারখানার সামনে উত্তেজনা তৈরি হয়। শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধের পাশাপাশি কারখানায় হামলার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরিস্থিতি খারাপ হলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান।
বর্তমানে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এএইচ
