বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নারী নিহত
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত : ০৮:০১ পিএম, ২৭ জুন ২০২৬ শনিবার
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেতে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুধো বালা (৪৮) নামে এক নারী আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছেলে সারজেন সিংহ ও বোন মেজানি রানী।
শনিবার (২৭ জুন) বিকেলে বালিয়াডাঙ্গী-রাণীশংকৈল মহাসড়কের লোলপুকুর ডিএম উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুধো বালা বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের পাড়িয়া গ্রামের ধীরেন সিংহের স্ত্রী। আহত মেজানি রানী ধনতলা ইউনিয়নের বানাগাঁও গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, পীরগঞ্জ উপজেলায় একটি মোটরসাইকেলে করে তিনজন বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সুধো বালার মৃত্যু হয় এবং অপর দুই আরোহী গুরুতর আহত হন।
সংঘর্ষের পর ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর ট্রাকচালক ও হেলপার পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। স্থানীয়দের হাতে আটক ট্রাকচালক ও হেলপারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এএইচ
