ঢাকা, রবিবার   ২৮ জুন ২০২৬,   আষাঢ় ১৫ ১৪৩৩

কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় আরও দু’জন গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫০ এএম, ২৮ জুন ২০২৬ রবিবার

নরসিংদীতে কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় সহযোগিতাকারী অভিযুক্ত নারীসহ আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই নিয়ে কুকুর হত্যার ঘটনায় প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হলো।

শনিবার (২৭ জুন) সন্ধায় নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল নজরপুর থেকে এক নারী এবং রাতে অপর যুবককে পৌর শহরের নাগরিয়াকান্দি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত নারী শাহিনারা বেগম (৫২) নরসিংদী পৌর এলাকার কামারগাঁওের আব্দুল আজিজের স্ত্রী এবং অপর যুবক রমজান আলী (২২) নাগরিয়াকান্দি এলাকার হারুন অর-রশিদের ছেলে। 

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এআরএম আল-মামুন জানান, গত বুধবার সকালে একটি কুকুরকে গলায় দড়ি দিয়ে ইট বেঁধে নদীতে ফেলে নৃসংশভাবে হত্যার ঘটনাটি সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপরই জেলা পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে পর্যালোচনা করে প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে মোহাম্মদ আলীকে প্রধান করে আরও ২/৩ জন অজ্ঞাত আসামি দিয়ে মামলা দায়ের করা হয়।

তিনি আরও জানান, শনিবার সন্ধায় অজ্ঞাত আসামি হিসেবে পলাতক থাকা (ভিডিওতে প্রকাশিত) নারীকে সদর উপজেলার নজরপুরে তার আত্মিয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। রাতে অপর আসামি রমজান আলীকে নাগরিয়াকান্দি এলাকা থেকেই গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এই নিয়ে কুকুরটি হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামি মোহাম্মদ আলী, শাহিনারা বেগম এবং রমজান আলীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় বাকী অভিযুক্তদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।

এর আগে বুধবার সকালে নরসিংদীর নাগরিয়াকান্দি ব্রীজের উপর থেকে গলায় দড়ি দিয়ে ইট বেঁধে মেঘনা নদীতে ফেলে নৃসংশভাবে হত্যা করা হয় একটি কুকুরকে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনা-সামালোচনার সৃষ্টি হয়। শনিবার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরেও আসে। এসময় তিনি এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশনা প্রদান করেন।

এএইচ