ঢাকা, রবিবার   ২৮ জুন ২০২৬,   আষাঢ় ১৪ ১৪৩৩

প্রথমবার বিশ্বকাপের নকআউট পর্বে ডিআর কঙ্গো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৮ এএম, ২৮ জুন ২০২৬ রবিবার | আপডেট: ১০:৩২ এএম, ২৮ জুন ২০২৬ রবিবার

গণতান্ত্রিক কঙ্গো ৫২ বছর আগে প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েছিল। লম্বা সময় পর ফিরে দ্বিতীয় আসরেই বাজিমাত করল আফ্রিকার দলটি। ৬৭ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকার পর ইউয়ানে উইসার জোড়া গোলে উজবেকিস্তানকে গ্রুপের শেষ ম্যচে ৩-১ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মত নক আউট পর্ব নিশ্চিত করেছে ডিরআর কঙ্গো। 

আটালান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে পজেশন ও আক্রমণ সবদিক থেকেই এগিয়ে ছিল কঙ্গো। 

তবে নিজেরা প্রথম গোল হজম করে বসে ১০ মিনিটের মাথায়। উজবেকিস্তান এল্ডর সমুরোদোভের সেই গোলের লিড অবশ্য ৬৭ মিনিট পর্যন্ত ধরে রাখে। একইসঙ্গে আটকে রাখে আক্রমণের পর আক্রমণ চালানো কঙ্গোকে।

ম্যাচের ৬৮ মিনিটে আফ্রিকান দেশটির পেনাল্টির সুবাদে সমতায় ফেরার সুযোগ পায়। ভুলটা ছিল আবদুকোদির খুসানোভের, তিনি ক্রসে পা বাড়াতে গিয়ে তিনি ইয়োয়ানে উইসার পায়ে আঘাত করেন। এরপর স্পটকিকে গোল করতে ভুল করেননি ইওয়ান উইসা। সমতায় ফেরার উল্লাসে মাতে গণতান্ত্রিক কঙ্গো।

এর মিনিট দশেকের মাথায় লিড নেয় তারা। ফিস্তন মায়েলের সেই গোলটিই শেষ নয়। এরপর আক্রমণের ধারা অব্যাহত রেখে ব্যবধান আরও বাড়ানোর পালা। যোগ করা সময়ের প্রথম মিনিটে উইসা নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলে বড় জয় নিশ্চিত করেন।

এর আগে ১৯৭৪ বিশ্বকাপে নিজেদের প্রথম আসর খেলেছিল কঙ্গো। যেখানে তারা তিনটি ম্যাচের সবকটিই হারে, এর মধ্যে ছিল যুগোস্লাভিয়ার বিপক্ষে ৯-০ গোলে বিধ্বস্ত হওয়ার নজির। 

তবে এবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পর্তুগালকে ১-১ গোলে রুখে দেওয়ার পর তারা ভিন্ন ইতিহাস লেখার ইঙ্গিত দেয়। এরপর কলম্বিয়ার বিপক্ষে হারের ব্যবধানটাও (১-০) বড় হতে দেয়নি। আর আজ তৃতীয় ও শেষ গ্রুপ ম্যাচে এলো ৩-১ গোলের জয়।

ডিআর কঙ্গোর কোচ সেবাস্টিয়ান দেসাব্রে বলেন, ব্রেন্টফোর্ড থেকে ৫ কোটি ৫০ লাখ পাউন্ড ট্রান্সফারে নিউক্যাসল ইউনাইটেডে যোগ দেওয়ার পর হতাশাজনক প্রথম মৌসুম কাটালেও উইসা এখন নিজের সেরা ছন্দে ফিরেছেন।

ডিআর কঙ্গোর এই সাফল্যের মধ্য দিয়ে এবারের বিশ্বকাপে আফ্রিকার দলগুলোর চমকপ্রদ অভিযাত্রা আরও এগিয়ে গেল। টুর্নামেন্টে অংশ নেওয়া ১০টি আফ্রিকান দলের মধ্যে এখন পর্যন্ত শুধু তিউনিসিয়াই বিদায় নিয়েছে। 

এএইচ