জমকালো আয়োজনে ‘কার্টআপ কানেক্ট ২০২৬’ অনুষ্ঠিত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৫১ পিএম, ২৮ জুন ২০২৬ রবিবার
দেশের অন্যতম ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপ, যা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি অঙ্গপ্রতিষ্ঠান, প্রথমবারের মতো পার্টনার সামিট ‘কার্টআপ কানেক্ট ২০২৬’ আয়োজন করেছে।
কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে অনুষ্ঠিত এ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩৫০ জনেরও বেশি সেলার পার্টনার, ১৫০টি শীর্ষস্থানীয় ব্র্যান্ড, ২০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং জনপ্রিয় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সাররা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্স ও কার্টআপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। এছাড়া বক্তব্য দেন কার্টআপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফুয়াদ আরেফিন।
সামিটে কার্টআপ তাদের ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা এবং দেশের ই-কমার্স খাতের উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরে। পাশাপাশি লজিস্টিকস নেটওয়ার্ক সম্প্রসারণ, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য নতুন ব্যবসায়িক সুযোগ তৈরির পরিকল্পনা উপস্থাপন করা হয়।
এ সময় কার্টআপের আসন্ন বিভিন্ন ক্যাম্পেইনেরও ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ‘জুলাই জ্যাকপট’, ‘অক্টোবর অফার্স’, ‘বিগ ফ্রাইডে সেল’ এবং ‘ইয়ার এন্ড সেল’।
আয়োজকদের দাবি, এসব ক্যাম্পেইনের মাধ্যমে বিক্রেতারা বিক্রি বাড়ানোর পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের ক্রেতাদের কাছে আরও সহজে পৌঁছানোর সুযোগ পাবেন।
সামিটের অন্যতম আকর্ষণ ছিল ‘কার্টআপ অ্যাওয়ার্ডস’। এ পর্বে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৩টি ক্যাটাগরিতে সেরা পার্টনারদের সম্মাননা প্রদান করা হয়।
এমআর//
