ঢাকা, রবিবার   ২৮ জুন ২০২৬,   আষাঢ় ১৪ ১৪৩৩

সৌদি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ আরোহীর সবাই নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৪৫ পিএম, ২৮ জুন ২০২৬ রবিবার

সৌদি আরবের রাস তানুরায় তেল কোম্পানি ‘সৌদি আরামকো’র একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আরোহী ১৪ জনের সবাই নিহত হয়েছেন।

দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে রোববার (২৮ জুন) সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

জ্বালানি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, দুর্ঘটনার পর হেলিকপ্টারে থাকা কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। তবে কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়।

উল্লেখ্য, রাস তানুরায় সৌদি আরামকোর অন্যতম গুরুত্বপূর্ণ তেল শোধনাগার ও তেল রপ্তানি টার্মিনাল অবস্থিত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হেলিকপ্টারটি ওই শিল্পাঞ্চল সংশ্লিষ্ট দায়িত্ব পালনের অংশ হিসেবেই যাতায়াত করছিল। সূত্র: আল জাজিরা

এমআর//