ঢাকা, মঙ্গলবার   ৩০ জুন ২০২৬,   আষাঢ় ১৬ ১৪৩৩

গাইবান্ধায় বিএনপি ও জামায়াতের নেতা–কর্মীদের সংঘর্ষে আহত ৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:১৮ পিএম, ৩০ জুন ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০৫:১৯ পিএম, ৩০ জুন ২০২৬ মঙ্গলবার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। এ সময় প্রায় এক ঘণ্টা ঢাকা-রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

সোমবার (২৯ জুন) রাত ১০টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বের একটি ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মণ্ডল, বরিশাল ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আশরাফুল ইসলাম, গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মিল্লাত সরকার মিলন, পলাশবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামিম রেজা এবং জামায়াত নেতা রেজাউল করিম। অন্য আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহত আব্দুস সামাদ মণ্ডলের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপরদিকে আশরাফুল ইসলাম, মিল্লাত সরকার মিলন, শামিম রেজা ও রেজাউল করিম পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

সংঘর্ষের সময় প্রায় এক ঘণ্টা ঢাকা-রংপুর মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ ছিল। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনার পর জুনদহ এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ওসি (তদন্ত) প্রশান্ত কুমার বলেন, ‘এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এমআর//