ঢাকা, বুধবার   ০১ জুলাই ২০২৬,   আষাঢ় ১৬ ১৪৩৩

বিএনপি-জামায়াত সংঘর্ষের জেরে পলাশবাড়ীতে ১৪৪ ধারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৩ পিএম, ৩০ জুন ২০২৬ মঙ্গলবার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৩০ জুন) পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার রাতে উপজেলার বরিশাল ইউনিয়নে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে একাধিক ব্যক্তি আহত হন। ওই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৪টায় পলাশবাড়ী চৌমাথায় উভয় দল পৃথকভাবে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়।

প্রশাসনের জারি করা আদেশে বলা হয়, সংঘর্ষের পর দুই রাজনৈতিক দলের পরস্পরবিরোধী অবস্থানের কারণে পলাশবাড়ী চৌমাথাকে কেন্দ্র করে ৫০০ মিটার এলাকাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতির আশঙ্কা রয়েছে। এ অবস্থায় জনসমাগমের ফলে বিশৃঙ্খলা সৃষ্টি এবং জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।

এ কারণে মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত পলাশবাড়ী চৌমাথা ও এর আশপাশের ৫০০ মিটার এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এমআর//