ঢাকা, বুধবার   ০১ জুলাই ২০২৬,   আষাঢ় ১৭ ১৪৩৩

এমপিওভুক্ত শিক্ষকদের বর্ধিত বাড়ি ভাড়া আজ থেকে কার্যকর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৫৯ পিএম, ১ জুলাই ২০২৬ বুধবার

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ১৫ শতাংশ বাড়ি ভাড়া আজ ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। ফলে চলতি মাস থেকেই তারা বর্ধিত হারে এই ভাতা পাবেন।

এর আগে ২০২৫-২৬ অর্থবছরে প্রথম ধাপে মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে বাড়ি ভাড়া কার্যকর করা হয়েছিল। চলতি ২০২৬-২৭ অর্থবছর থেকে অতিরিক্ত আরও ৭ দশমিক ৫ শতাংশ যুক্ত হওয়ায় মোট বাড়ি ভাড়া ভাতা দাঁড়াল মূল বেতনের ১৫ শতাংশ।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, বাড়ি ভাতা বৃদ্ধির বিষয়টি আগেই চূড়ান্ত হওয়ায় এটি নিয়ে আর কোনো অনিশ্চয়তা নেই। জুলাই মাসের বেতন থেকেই শিক্ষক-কর্মচারীরা নতুন হারে বাড়ি ভাড়া ভাতা পাবেন।

গত বছরের ২১ অক্টোবর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ বৃদ্ধি করতে সম্মতি দেয় অর্থ মন্ত্রণালয়। সে সময় জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া দুই ধাপে বৃদ্ধি করা হবে।
 
ওইদিন মন্ত্রণালয়ের জারি করা সম্মতিপত্রে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা নিম্নোক্ত শর্তাদি পরিপালন সাপেক্ষে ১ নভেম্বর ২০২৫ তারিখ হতে মূল বেতনের ৭.৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) এবং ১ জুলাই ২০২৬ তারিখ হতে উক্ত ৭.৫ শতাংশের অতিরিক্ত আরো ৭.৫ শতাংশ অর্থাৎ মূল বেতনের সর্বমোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) নির্ধারণ করা হলো। 

অর্থ মন্ত্রণালয়ের সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে দ্বিতীয় ধাপের বর্ধিত বাড়ি ভাড়া আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো।

এএইচ