বাংলাদেশের সব সরকারের সঙ্গেই কাজ করতে প্রস্তুত চীন: চীনা রাষ্টদূত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:০৬ পিএম, ২ জুলাই ২০২৬ বৃহস্পতিবার
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, দুই দেশের জনগণের বন্ধুত্ব ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, গত তিন বছরে এটি বাংলাদেশের সরকারপ্রধানের তৃতীয় চীন সফর। এতে প্রমাণিত হয়েছে যে, বাংলাদেশের সব রাজনৈতিক শক্তির সঙ্গেই চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং চীন সব সরকারের সঙ্গে পারস্পরিক সম্মান ও উন্নয়ন সহযোগিতার ভিত্তিতে কাজ করতে প্রস্তুত।
রাষ্ট্রদূত বলেন, চীনের পররাষ্ট্রনীতি কোনো রাজনৈতিক দলের জন্য নয়, বরং বাংলাদেশের জনগণের কল্যাণ ও দুই দেশের দীর্ঘমেয়াদি সম্পর্ককে কেন্দ্র করেই পরিচালিত হয়। তাই বাংলাদেশে সরকার পরিবর্তন হলেও দুই দেশের সহযোগিতার ধারাবাহিকতা বজায় থাকবে।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরে মুক্ত বাণিজ্য চুক্তি, তিস্তা মহাপরিকল্পনা, সামুদ্রিক সহযোগিতা এবং বিভিন্ন অর্থনৈতিক উদ্যোগ নিয়ে নীতিগত ঐকমত্য হয়েছে। এখন যৌথ ওয়ার্কিং গ্রুপ ও বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনার মাধ্যমে এসব বিষয়ে বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করা হবে।
বাংলাদেশ-চীন-সম্পর্কিত সম্ভাব্য অর্থনৈতিক করিডোর নিয়ে এক প্রশ্নের জবাবে ইয়াও ওয়েন বলেন, এ উদ্যোগের উদ্দেশ্য কেবল বাণিজ্য, সংযোগ ও অর্থনৈতিক উন্নয়ন জোরদার করা। এর সঙ্গে কোনো ভূরাজনৈতিক বা নিরাপত্তাগত উদ্দেশ্য জড়িত নয়।
