ঢাকা, শুক্রবার   ০৩ জুলাই ২০২৬,   আষাঢ় ১৮ ১৪৩৩

ফরিদপুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৯ পিএম, ২ জুলাই ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ১০:৩১ পিএম, ২ জুলাই ২০২৬ বৃহস্পতিবার

ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের করিমপুর এলাকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঝিনাইদহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়্যাল পরিবহন ও ফরিদপুর থেকে ছেড়ে আসা মাগুরাগামী আপন পরিবহনের দুটি বাস করিমপুর এলাকায় মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এ সময় উভয় বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হন।

স্থানীয়রা, কোতোয়ালি থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, দুর্ঘটনার কারণে ঢাকা-খুলনা মহাসড়কের উভয় পাশে কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত বাস দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

এমআর//