খুলনায় কিশোরীকে গুলি, পাঁচ দিনে গুলিবিদ্ধ তিনজন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:১৮ পিএম, ৩ জুলাই ২০২৬ শুক্রবার
খুলনা মহানগরীর রূপসা বেড়িবাঁধ এলাকায় ইতি (১৫) নামে এক স্কুলছাত্রীকে গুলি করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইতি বেড়িবাঁধ রোড এলাকার বাসিন্দা জুলফিকার রহমানের মেয়ে। তিনি রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
খুলনা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার জানান, সন্ধ্যায় বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন ইতি। এ সময় মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার বাঁ পায়ে বিদ্ধ হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা চলছে।
এসআই আব্দুস সাত্তার বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। কী কারণে কিশোরীকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, তা এখনও জানা যায়নি।
এ নিয়ে গত পাঁচ দিনে খুলনায় গুলির তিনটি ঘটনা ঘটল। এর আগে গত ২ জুলাই সকালে নগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকার একটি মাঠে রাতুল শেখ (২২) নামে এক যুবককে গুলি করে দুর্বৃত্তরা। তারও আগে ২৮ জুন রাতে গল্লামারী এলাকার একটি বেসরকারি ক্লিনিকের সামনে রফিকুল ইসলাম মানিক নামে এক ভাঙারি ব্যবসায়ীকে গুলি করা হয়। পরিবারের দাবি, চাঁদার টাকা না দেওয়ায় তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে খুলনায় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা বেড়েছে। ২০২৪ সালের আগস্ট থেকে এ পর্যন্ত নগরীতে ৮৯টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। চলতি বছরের প্রথম ছয় মাসে হত্যাকাণ্ড ঘটেছে ১৯টি। এর মধ্যে ৩৪টি হত্যাকাণ্ডে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ।
এমআর//
