ঢাকা, শনিবার   ০৪ জুলাই ২০২৬,   আষাঢ় ১৯ ১৪৩৩

২ কোটি ২৮ লাখ টাকার স্বর্ণের বারসহ কারবারি আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১০ পিএম, ৩ জুলাই ২০২৬ শুক্রবার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ২ কোটি ২৮ লাখ টাকা মূল্যের ১০টি স্বর্ণের বারসহ মামুনুর রশীদ (৩৫) নামে এক চোরা কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শুক্রবার (৩ জুলাই) উপজেলার হাটখোলা সীমান্তের সালুয়া বিল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মামুনুর রশিদ একই উপজেলার রতনপুর গ্রামের জালাল হোসেনের ছেলে। এদিন বিকালে জয়পুরহাটের-২০ বিজিবির ব্যাটালিয়ান সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, জেলার পাঁচবিবির হাটখোলা সীমান্তের চোরাই পথ দিয়ে গোপনে স্বর্ণ পাচার করা হচ্ছে- এমন খবরে জয়পুরহাট-২০ বিজিবির ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারীর নেতৃত্বে জয়পুরহাটের ব্যাটালিয়ন সদর হতে বিজিবি সদস্যদের একটি বিশেষ টহল দল এবং পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আনিছুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যদের অপর একটি দল হাটখোলা সীমান্তের সালুয়ার মাঠে আকস্মিক অভিযান চালায়।

ওই সময় মাঠের ধানখেতে থাকা মামুনুর রশিদ নামে এক যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি দ্রুত দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে। এরপর জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশির একপর্যায়ে মামুনুর স্বর্ণের বার বহনের বিষয়টি স্বীকার করেন এবং ধানখেতের কাদার মধ্যে লুকিয়ে রাখা একটি পলিথিন দিয়ে মোড়ানো ১০টি স্বর্ণের বার বের করে দিলে তা জব্দ করা হয়। জব্দকৃত ২২ ক্যারেট স্বর্ণের ওই ১০টি বারের মোট ওজন ১০১ ভরির বেশি অর্থাৎ ১ কেজি ১৮৫ গ্রাম; যার মূল্য ধরা হয়েছে ২ কোটি ২৭ লাখ ৮৩ হাজার টাকা।

জয়পুরহাট ২০ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানান, আটক স্বর্ণ চোরাকারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এমআর//