ছাত্রদল নেতার নেতৃত্বে থানা ঘেরাও, আটক যুবলীগ নেতা মুক্ত
পাবনা প্রতিনিধি
প্রকাশিত : ০৪:৫৯ পিএম, ৪ জুলাই ২০২৬ শনিবার
পাবনার ভাঙ্গুড়ায় নাশকতার ঘটনায় জড়িত থাকার সন্দেহে আটক কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতার মুক্তিতে থানা ঘেরাও ও বিক্ষোভের কয়েক ঘণ্টার মধ্যেই তাকে ছেড়ে দিয়েছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মুচলেকা নিয়ে গ্রামবাসীর জিম্মায় তাকে মুক্তি দেওয়া হয়।
এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড (পাটুলিপাড়া) যুবলীগের সভাপতি রিপন সরকারকে নিজ গ্রাম থেকে আটক করে ভাঙ্গুড়া থানায় নিয়ে যায় পুলিশ। তিনি ওই গ্রামের হাবিবুর সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিপন সরকারকে থানায় নেওয়ার পর রাত সাড়ে ৮টার দিকে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সোহেলের নেতৃত্বে প্রায় দুই শতাধিক গ্রামবাসী থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও থানা ঘেরাও কর্মসূচি পালন করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
পরবর্তীতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আজমের কক্ষে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ছাত্রদল নেতা শফিকুল ইসলাম সোহেল এবং গ্রামের কয়েকজন গণ্যমান্য ব্যক্তি আলোচনায় বসেন। আলোচনা শেষে রাত সাড়ে ১০টার দিকে রিপন সরকারকে মুক্তি দেওয়া হয়।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সোহেল বলেন, “আমাদের গ্রামের স্বার্থে একটি খাস জমিতে বাজার বসানো হয়েছে। এ বিষয়টি নিয়ে গ্রামে বিরোধ চলছে। একজন ব্যক্তির স্বার্থে রিপন সরকারকে থানায় আটক করে আনা হয়েছে। তাই আমরা গ্রামবাসীকে সঙ্গে নিয়ে থানায় এসেছি।”
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আজম বলেন, “আটক রিপন সরকার ওয়ার্ড যুবলীগের সভাপতি। নাশকতার ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাকে থানায় আনা হয়েছিল। তবে প্রাথমিক যাচাই-বাছাইয়ে তার সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় মুচলেকা নিয়ে গ্রামবাসীর জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”
এএইচ
