ঢাকা, রবিবার   ০৫ জুলাই ২০২৬,   আষাঢ় ২১ ১৪৩৩

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় অভিযুক্ত ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৫ পিএম, ৫ জুলাই ২০২৬ রবিবার | আপডেট: ১২:৪৬ পিএম, ৫ জুলাই ২০২৬ রবিবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৫৫তম ব্যাচের শিক্ষার্থীদের র‌্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের ৫৪তম ব্যাচের ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (৪ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ আলী রেজার সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা আদেশ-২০১৮-এর ৫(ঙ) ধারা লঙ্ঘনের দায়ে ৪(১)(খ) ধারা অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে ইতিহাস বিভাগের ৫৫তম ব্যাচের ১৩ শিক্ষার্থীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের মাঠে নিয়ে যান ৫৪তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী। সেখানে ‘ম্যানার শেখানোর’ কথা বলে তাদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের জাকসুর নেতারা এবং একজন সহকারী প্রক্টর ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের উদ্ধার করেন। পরে ভুক্তভোগী ও অভিযুক্তদের বক্তব্য নেওয়ার পর প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— সুভাশীষ রায়, নাছিম উদ্দিন মজুমদার, আবু আবতাহী অনিক, নাইমুল হাসান, আব্দুল্লাহ মাহদী, ইসফাক হাদী সিক্ত, মো. রায়হান খান, কাজী শাহ জামসেদ আলম নাবিল, সাইফুল্লাহ মানসুর আনান, মো. মাহফুজুর রহমান অন্ত, শ্রী কার্তিক চন্দ্র রায় এবং নাইম আহমেদ সজিব।

এমআর//