প্রাথমিক বিদ্যালয়ে ৩ বই রাখার নির্দেশনা বাতিল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৪৭ পিএম, ৬ জুলাই ২০২৬ সোমবার
দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে পঠনের জন্য তিনটি নির্দিষ্ট বই সংরক্ষণের যে নির্দেশনা পূর্বে দেওয়া হয়েছিল, তা বাতিল করেছে সরকার।
সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে এ কথা জানানো হয়।
আদেশে বলা হয়েছে, দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘প্রেসিডেন্ট জিয়া : রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া : জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক ৩টি বইয়ের সমন্বয়ে ১ সেট বই সংরক্ষণের জন্য গত ৩ জুন যে নির্দেশনা দেওয়া হয়েছিল, তা নির্দেশক্রমে বাতিল করা হলো।
আদেশটি অবিলম্বে কার্যকর করার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, গত মাসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ‘প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে পঠনের জন্য (তিনটি বইয়ের সমন্বয়ে) ১ সেট বই সংরক্ষণ’ নামে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর নির্দেশনাপত্র দেয়। সেখানে ওপরের তিনটি বইয়ের সমন্বয়ে এক সেট বই সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছিল।
এএইচ
