সংসদকে গণতন্ত্রের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার আহ্বান চিফ হুইপের
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৩৬ পিএম, ৭ জুলাই ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০৪:৫৬ পিএম, ৭ জুলাই ২০২৬ মঙ্গলবার
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, বর্তমান সংসদকে আমরা বাংলাদেশের ইতিহাসের সেরা সংসদ হিসেবে দেখতে চাই। নির্বাচিত সদস্যদের প্রতি আমার প্রত্যাশা থাকবে, আপনারা এই সংসদকে আরো কার্যকর এবং গণতন্ত্রের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলবেন।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে বাজেট অ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিট (বামু)-এর উদ্যোগে আয়োজিত ‘বাজেট হেল্পডেস্ক ২০২৬’-এর সপ্তম ব্রিফিং সেশনে আলোচনাকালে তিনি এসব কথা বলেন।
অষ্টম ব্রিফিং সেশনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘স্থানীয় সরকার বিভাগের প্রতিষ্ঠানসমূহ: সকল স্তরে বাজেট বরাদ্দ’ বিষয়ে আলোচনা করেন। ব্রিফিংয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যগণ অংশগ্রহণ করেন।
চিফ হুইপ ব্রিফিংয়ে সংসদের স্থায়ী কমিটিসমূহ — সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি এবং সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির সংবিধান ও কার্যপ্রণালি-বিধি অনুযায়ী ভূমিকা ও কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি বলেন, সংসদীয় স্থায়ী কমিটিগুলোর কার্যকর ভূমিকা সংসদীয় জবাবদিহিতা নিশ্চিত করা, আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সুশাসন শক্তিশালী করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরো বলেন, কার্যকর সংসদ গড়ে তুলতে সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ, দায়িত্বশীলতা এবং কমিটিসমূহের কার্যক্রমে সম্পৃক্ততা অপরিহার্য।
ব্রিফিংয়ে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।
এএইচ
