খুলনায় নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকে ট্রাকের ধাক্কা, নিহত ২
খুলনা প্রতিনিধি
প্রকাশিত : ০৬:০৮ পিএম, ৭ জুলাই ২০২৬ মঙ্গলবার
খুলনা নগরীতে ট্রাক ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুর সোয়া ৩টার দিকে নগরীর হরিণটানা থানাধীন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাপস হোর (৬০) পাইকগাছার হরিদাস কাটির মৃত বিনোদর হোরের পুত্র এবং অপরজন একই এলাকার সোনাতনকাটির শেখ ওবাইদুরের ছেলে দিদার আহমেদ (৪৫)।
এ ঘটনায় আরও ৭/৮ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
উপস্থিত লোকদের মাধ্যমে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী ট্রাক (ঢাকা মেট্রো- ন-১৩-০৯১২) খুলনা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এসে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকে ধাক্কা দেয়। এসময় পেছন থেকে অপর একটি ইজিবাইক এলে ত্রিমুখী সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক ও এক যাত্রী নিহত হন এবং অপর ০৭/৮ জন আহত হয়।
ঘটনাস্থলে লবণচরা থানা পুলিশ, হরিণটানা থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করেন।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উক্ত মহাসড়কের বর্তমান যান চলাচল স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, সাতক্ষীরা খুলনা মহাসড়কের এক পাশ লবণচরা থানা ও অপর পাশ হরিণটানা থানায় অবস্থিত। এ সংক্রান্তে হরিণটানা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এএইচ
